চট্টগ্রামের ‘শীর্ষ সন্ত্রাসী’ মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনকে গ্রেফতার করেছে পুলিশ। আজ সকালে যশোর থেকে পাঁচ সহযোগীসহ তাকে গ্রেফতার করে চট্টগ্রাম জেলা পুলিশের একটি বিশেষ দল। গ্রেফতার হওয়া সবাই শুটার বলে জানিয়েছে পুলিশ।

চট্টগ্রাম জেলার পুলিশ সুপার মাসুদ আলম বণিক বার্তাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর এলাকার মো. মুসার ছেলে মোবারক হোসেন ইমন বিদেশে পলাতক ‘শীর্ষ সন্ত্রাসী’ সাজ্জাদ আলী ওরফে বড় সাজ্জাদের অন্যতম প্রধান সহযোগী। তার বিরুদ্ধে অন্তত ১৫টি মামলা রয়েছে।

পুলিশের তথ্যানুযায়ী, ২০২৫ সালের ৩০ মার্চ বাকলিয়ায় জোড়া খুন এবং একই বছরের ২৩ মে পতেঙ্গা সমুদ্রসৈকত এলাকায় ঢাকাইয়া আকবর হত্যা মামলাসহ মোট সাতটি মামলার আসামি তিনি।

পুলিশ জানায়, ইমন অন্তত ১৫-২০টি আগ্নেয়াস্ত্র বহন ও ব্যবহারে পারদর্শী। বাকলিয়ার জোড়া খুনের ঘটনায় সন্ত্রাসী ও মোটরসাইকেল সংগ্রহের দায়িত্বও তার ছিল বলে পুলিশের দাবি।

পুলিশের তথ্য বলছে, বড় সাজ্জাদের হয়ে চট্টগ্রামে অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনায় বর্তমানে নেতৃত্ব দিচ্ছেন দুজন ডেভিড ইমন ও মোহাম্মদ রায়হান। এর আগে এই দায়িত্বে ছিলেন সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদ, যিনি বর্তমানে কারাগারে রয়েছেন। রায়হানের বিরুদ্ধেও চাঁদাবাজি, অস্ত্র ও হত্যাসহ বিভিন্ন অভিযোগে অন্তত আটটি মামলা রয়েছে।

পুলিশের দাবি, বড় সাজ্জাদের বাহিনীতে অন্তত ৫০ জন শুটার ও সহযোগী সক্রিয় রয়েছেন। এই বাহিনীর হয়ে ইমন ও রায়হান বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে নিয়মিত চাঁদা দাবি করে আসছিলেন। ভুক্তভোগীদের অভিযোগ থাকলেও এতদিন তাদের গ্রেফতার করা সম্ভব হয়নি।