কক্সবাজার সৈকতে গোসল করতে নেমে পানিতে ডুবে সাঈদ হোসেন বাপ্পি নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। গতকাল বেলা ১১টার দিকে কলাতলী পয়েন্ট থেকে তার মরদেহ উদ্ধার করেন লাইফ গার্ড কর্মীরা। একই স্থানে গোসল করতে নামা সাঈদের বন্ধু মুসাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করা হয়েছে।
মৃত সাঈদ রামু উপজেলার তেচ্ছিরকুল গ্রামের বাসিন্দা শামশুল আলমের ছেলে ও রামু সরকারি ডিগ্রি কলেজের মানবিক বিভাগের প্রথম বর্ষের ছাত্র।
বীচকর্মী মাহাবুবুর রহমান জানান, সকালে সাঈদ ও তার ছয় বন্ধু মিলে টায়ারটিউব ভাড়া করে সাগরে গোসল করতে নামেন। হঠাৎ বড় একটি ঢেউয়ের ধাক্কায় টিউব তাদের হাতছাড়া হয়ে গেলে স্রোতের টানে ভেসে যান তারা। এ সময় লাইফ গার্ড কর্মীরা পাঁচজনকে উদ্ধার করতে পারলেও সাঈদ নিখোঁজ ছিলেন। প্রায় ২ ঘণ্টা পর ভেসে যাওয়া স্থানের কিছু দূরে তার মরদেহ ভেসে ওঠে।
কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মহিউদ্দীন আহমেদ জানিয়েছেন, সাগরে ভেসে যাওয়া কলেজছাত্রকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।










