নারায়ণগঞ্জের আড়াইহাজারে একটি বাসায় বিস্ফোরণে দগ্ধ দুই নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় দগ্ধ আরো দুইজন চিকিৎসাধীন রয়েছে। শনিবার (২৩ সেপ্টেম্বর) শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটের হাই ডিপেনডেন্সি ইউনিটে (এইচডিইউ) চিকিৎসাধীন অবস্থায় ওই দুই নারীর মৃত্যু হয়।

শুক্রবার রাত সোয়া ১১টার দিকে আড়াইহাজার বাজার এলাকায় পাঁচতলা ভবনের চারতলার একটি ফ্ল্যাটে বিস্ফোরণের ঘটনা ঘটে।

মৃত দুই নারী হলেন— কানিজ খাদিজা নিপা (৩৯) ও চায়না আক্তার (৪০)। দগ্ধ দুইজন হলেন-নিপার মা হাসিনা মমতাজ (৫৫) ও সায়মার স্বামী সোহান তালুকদার (৪৫)।

বিষয়টি নিশ্চিত করেছেন বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. তরিকুল ইসলাম। তিনি জানান, নিপা ও সায়মা উভয়ের শরীরের ৯০ শতাংশ দগ্ধ হয়। তাদের মধ্যে নিপা সকালে ও চায়না দুপুরে মারা যান।

ডা. তরিকুল ইসলাম জানান, দগ্ধ বাকি দুজনের অবস্থাও আশঙ্কাজনক। তাদের মধ্যে সোহানের শরীরের ১০০ ভাগ ও হাসিনার ৫৫ ভাগ দগ্ধ হয়েছে।

জানা গেছে, নিপা ও সোহান-সায়মা দম্পতি শেয়ারে ওই বাসায় ভাড়া থাকতেন। সোহান স্থানীয় ফকির গার্মেন্টসে চাকরি করতেন। তার স্ত্রী সায়মা গৃহিণী ছিলেন। নিপার বাড়ি আড়াইহাজারের লক্ষীবরদীতে। তিনিও স্থানীয় একটি গার্মেন্টসে চাকরি করতেন। তার মা শুক্রবার সন্ধ্যায় নিপার বাসায় বেড়াতে আসেন।

দগ্ধ সোহানের ভাগিনা ফাহিম মোল্লা জানান, রাত ১২টার দিকে তিনি খবর পান ওই বাসায় বিস্ফোরণে আগুন লেগেছে। তখন তিনি বাসা থেকে তাদের চারজনকে উদ্ধার করে স্থানীয় একটি  হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে সকালে তাদের শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হয়।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের আড়াইহাজার ফায়ার স্টেশনের স্টেশন অফিসার শাহ্জাহান হোসেন বলেন, ফ্ল্যাটের ভেতর তিনটি রুমের মাঝখানে ছিল রান্নাঘর। ঘরে তিতাসের গ্যাসের লাইন ও গ্যাস সিলিন্ডার দুইটাই ছিল। তবে সিলিন্ডারটি অক্ষত অবস্থায় পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গ্যাস লাইনের লিকেজ থেকে ঘরের ভেতর জমা গ্যাস থেকে এই বিস্ফোরণ হয়েছে। তদন্তের পরেই নিশ্চিত করা বলা যাবে।