৩৬ লাখ ৯৪ হাজারের বেশি টাকাসহ সম্প্রতি পুলিশের হাতে আটক হয়েছেন গাইবান্ধার এলজিইডির নির্বাহী প্রকৌশলী ছাবিউল ইসলাম। অভিযোগ রয়েছে এ টাকা তিনি ঠিকাদারদের কাছ থেকে ১০ শতাংশ হারে ঘুস হিসেবে নিয়েছেন। ওই সময় জব্দকৃত টাকাগুলো রাষ্ট্রীয় কোষাগারে জমা করার নির্দেশ দিয়েছেন আদালত। সেই সঙ্গে ছাবিউল ইসলামের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্তে দুর্নীতি দমন কমিশনকে নির্দেশ দেয়া হয়েছে। রোববার নাটোরের সিংড়া আমলি আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সারোয়ার জাহান এ আদেশ দেন।

এর আগে এ ঘটনায় করা সাধারণ ডায়েরির (জিডি) তদন্তকারী কর্মকর্তা সিংড়া থানার উপপরিদর্শক রাজু আহমেদ জব্দ করা টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেয়ার নির্দেশ চেয়ে আদালতে আবেদন করেন।