সতর্ক সংকেত উঠে যাওয়ায় কক্সবাজারের টেকনাফ থেকে সেন্টমার্টিন নৌরুটে পর্যটকবাহী জাহাজ চলাচল আবার শুরু হয়েছে। আজ মঙ্গলবার সকাল থেকে টেকনাফ দমদমিয়া জেটিঘাট থেকে পর্যটক নিয়ে জাহাজ সেন্টমার্টিনের উদ্দেশ্যে রওনা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বৈরী আবহাওয়া ও ৩ নম্বর সতর্ক সংকেতের কারণে গতকাল সোমবার টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে চলাচলকারি আটটি জাহাজ পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত চলাচল বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছিল। গতকাল সোমবার রাতে সতর্ক সংকেত উঠে যাওয়ায় আজ মঙ্গলবার থেকে জাহাজ চলাচলে অনুমতি দেয়া হয়।
স্থানীয় সূত্র জানায়, গেল রোববার সকালে টেকনাফের দমদমিয়া বিআইডব্লিটিএ নৌ বন্দর থেকে আটটি জাহাজে করে প্রায় পাঁচ হাজারের মতো পর্যটক সেন্ট মার্টিন দ্বীপে বেড়াতে যান। এরমধ্যে প্রায় দুই হাজারের মতো পর্যটক ওইদিন বিকেলে আটটি জাহাজে করে ফেরত আসলেও রাতযাপনের জন্য সেন্টমার্টিনে রয়েছেন প্রায় তিন হাজার পর্যটক। তারা দ্বীপের বিভিন্ন হোটেল-কটেজে অবস্থান করছেন।
সেন্টমার্টিনে চলাচলরত কেয়ারি ট্যুরস অ্যান্ড লিমিটেড এর কক্সবাজার ইনচার্জ নুর মোহাম্মদ ছিদ্দিকী বলেন, সাগরে তিন নম্বর সংকেতের কারণে একদিন জাহাজ চলাচল বন্ধ ছিল। এখন পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় আজ মঙ্গলবার কেয়ারি সিন্দাবাদ ও কেয়ারি ক্রুজ অ্যান্ড ডাইন ৭০০ পর্যটক নিয়ে সেন্টমার্টিন গিয়েছে। এর আগের দিনে থেকে যাওয়া পর্যটকদেরও আজকে ফিরিয়ে নিয়ে আসা হবে।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পারভেজ চৌধুরী বলেন, আবহাওয়া সতর্ক সংকেত তুলে নেয়ায় সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু হয়েছে। দ্বীপে আটকাপড়া পর্যটকরাও আজকে ফিরে আসবেন।










