কক্সবাজারের উখিয়ায় লোকালয়ের কাছে একটি বন্য হাতির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৮ নভেম্বর) ভোরে হাতিটিকে উপজেলার রাজাপালংয়ের খয়রাতি পাড়ায় পড়ে থাকতে দেখা গেছে। সকালে ঘটনাস্থলে পৌঁছেছে বন বিভাগের একটি টিম।
স্থানীয়রা জানান, ভোরের দিকে তারা মরদেহটি দেখতে পান। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে প্রাণীটিকে ঘিরে উৎসুক মানুষের ভিড় বাড়তে থাকে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসে বন বিভাগের একটি দল।
বন বিভাগের কর্মকর্তাদের ধারণা, ফসল রক্ষার উদ্দেশ্যে কেউ অবৈধ বৈদ্যুতিক ফাঁদ পেতে রেখেছিল। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাতিটি মারা যেতে পারে। তবে মৃত্যুর সঠিক কারণ জানতে এরই মধ্যে নমুনা সংগ্রহ ও প্রাথমিক পরীক্ষা শুরু হয়েছে।
এদিকে পরিবেশবাদীরা বলছেন, মানুষের সঙ্গে হাতির দ্বন্দ্ব বাড়লেও বৈদ্যুতিক ফাঁদ পেতে হত্যা কোনো সমাধান নয়। বরং এ ধরনের ফাঁদ মানুষ ও প্রকৃতি, দুপক্ষের জন্যই ভয়াবহ বিপদ ডেকে আনে।
সহকারী বন সংরক্ষক (টেকনাফ ও উখিয়া) মো. মনিরুল ইসলাম বলেন, হাতির মৃত্যুর অন্যতম কারণ অবৈধ বিদ্যুতের লাইন। বনবিভাগের পক্ষ থেকে বার বার চিঠি দেয়া হলেও বিদ্যুৎ বিভাগ কোনো ব্যবস্থাই নিচ্ছে না। আমাদের ধারণা, আজকের হত্যাটিও একই কারণে মারা গেছে। পরীক্ষার রিপোর্ট আসার পর তদন্তের মাধ্যমে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।










