এক আইনজীবীর মামলায় নাটোর সদর হাসপাতালের চিকিৎসক শিশুবিশেষজ্ঞ সুমনা সরকারসহ তিনজনকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে পুলিশ। বুধবার রাতে জেলা শহরের বড়গাছা পালপাড়ার নিজ বাড়ি থেকে চিকিৎসক সুমনা সরকার, তার বাবা সুনীতি রঞ্জন সরকার এবং মা করুণা রানী সরকারকে গ্রেফতার করে পুলিশ। গতকাল দুপুরে তাদের আদালতে হাজির করা হয়েছে। এর আগে আইনজীবীর মামলায় বুধবার ২৪ ঘণ্টার মধ্যে আসামিদের গ্রেফতার করে আদালতে হাজিরের নির্দেশ দেন নাটোরের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট গোলজার রহমান।
গত বছরের ৫ অক্টোবর নাটোর জজ আদালতের জ্যেষ্ঠ আইনজীবী অজিত কুমার বিশ্বাস বাদী হয়ে সুমনা সরকারসহ পাঁচজনের বিরুদ্ধে আদালতে মামলা করেন। হত্যার প্রস্তুতি নেয়ার অভিযোগে দায়ের করা মামলাটি দুই দফা তদন্ত হয়। তদন্ত প্রতিবেদন পর্যালোচনা করে আদালত মামলার আসামি নাটোর আধুনিক সদর হাসপাতালের শিশুবিশেষজ্ঞ চিকিৎসক সুমনা সরকার, তার বোন একই হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা সাগরিকা সরকার, মা করুণা রানী সরকার, বাবা সুনীতি রঞ্জন সরকার এবং সহযোগী মাসুমের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। কিন্তু পুলিশ দীর্ঘদিনেও তাদের গ্রেফতার করেনি। বুধবার মামলাটির শুনানি হলে বিচারক এজলাসে বসেই সদর থানার ওসিকে ফোন করে আগামী ২৪ ঘণ্টার মধ্যে আসামিদের গ্রেফতার করে আদালতে হাজির করার নির্দেশ দেন।










