মৌলভীবাজারের জুড়ী উপজেলার বটুলী সীমান্তে এক বাংলাদেশীর মরদেহ উদ্ধার করা হয়েছে। জুড়ি থানা পুলিশ বলছে, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে তিনি নিহত হয়েছেন। গতকাল ভোরে উপজেলার ফুলতলা ইউনিয়নের বাংলাদেশ-ভারত সীমান্তের ৮২৩ নম্বর পিলার এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

জুড়ি থানা পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাতে বটুলী সীমান্ত দিয়ে কয়েকজন বাংলাদেশী ভারতে অবৈধভাবে প্রবেশ করে। এ সময় বিএসএফ গুলি চালালে সবাই পালিয়ে গেলেও আব্দুল মোমেন বাপ্পা নামে একজন ঘটনাস্থলে নিহত হন। বাপ্পা ফুলতলা ইউনিয়নের রাঘনা বটুলী গ্রামের আব্দুর রউফের ছেলে। নিহতের পরিবার জানায়, হারিয়ে যাওয়া একটি গৃহপালিত গরু খুঁজতে বাপ্পা শুক্রবার সন্ধ্যার পর বাড়ি থেকে বের হন। এরপর রাতে তিনি আর বাড়ি ফেরেননি। এ বিষয়ে বিয়ানীবাজার বিজিবি ৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. শাহ্ আলম সিদ্দিকী বলেন, এ রকম একটি ঘটনার কথা শুনেছেন। বিস্তারিত জানতে কিছু সময় লাগবে। পতাকা বৈঠকের মাধ্যমে আমরা পরবর্তী ব্যবস্থা গ্রহণ করব।