কুষ্টিয়ার দৌলতপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুজনকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। মঙ্গলবার গভীর রাতে উপজেলার মথুরাপুর ইউনিয়নের বাগোয়ান কান্দিপাড়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন মৃত হামের সর্দারের ছেলে সারফান সর্দার (৫০) ও মৃত বিছার সর্দারের ছেলে বাইজিদ সর্দার (৩৫)। তারা দুজন সম্পর্কে মামা-ভাগ্নে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই প্রাণ হারান সারফান সর্দার। গুরুতর আহত বাইজিদ সর্দারকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে তিনি মারা যান।

নিহত সারফান সর্দারের মেয়ে মিম খাতুন অভিযোগ করে বলেন, ‘রাতে বাড়ি থেকে ডেকে নিয়ে পাশের একটি বাগানে তার বাবাকে পা ও গলা কেটে হত্যা করা হয়েছে।’

এ ব্যাপারে দৌলতপুর থানার ওসি সোলাইমান শেখ বলেন, ‘আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই এ হত্যাকাণ্ড ঘটেছে। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। প্রাথমিক তদন্তের অংশ হিসেবে চারজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’