জুলাই ঘোষণাপত্র প্রকাশ ও জনমত গঠনের দাবিতে নরসিংদীর শিবপুর উপজেলায় লিফলেট বিতরণ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম। আজ বুধবার (৮ জানুয়ারি) দুপুরে শিবপুর উপজেলার ইটাখোলা মোড় থেকে লিফলেট বিতরণ কার্যক্রম শুরু করেন তিনি ও তার দল।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে নরসিংদী ও শিবপুরের শতাধিক শিক্ষার্থী অংশ নেন। পরে দিনব্যাপী ইটাখোলা মোড় ছাড়াও ভেলানগর জেলখানা মোড়, মাধবদীসহ নরসিংদীর বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করা হয়।
ইটাখোলা মোড়ে এক সংক্ষিপ্ত বক্তব্যে সারজিস আলম বলেন, জুলাই শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি, তাদের চিকিৎসার সরকারি দায়িত্ব, আওয়ামী খুনি ও দোসরদের বিচার এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সুনির্দিষ্ট নেতৃত্বসহ ৭ দফা যৌক্তিক দাবি নিয়ে আমরা জুলাই ঘোষণাপত্র প্রকাশের দাবি জানাচ্ছি। আগামী ১৫ দিনের মধ্যে এ দাবিগুলো বাস্তবায়নের জন্য রাষ্ট্রের প্রতি আহ্বান জানাচ্ছি।
তিনি আরো জানান, দ্রুত সময়ের মধ্যে এ ঘোষণাপত্র বাস্তবায়ন হবে বলে প্রত্যাশা করছেন তারা।










