বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভূমিকম্পে প্রাণহানি ও ক্ষয়ক্ষতিতে গভীর শোক প্রকাশ করেছেন। গতকাল নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি বলেন, ‘প্রিয় দেশবাসী, কিছুক্ষণ আগেই একটি তীব্র ভূমিকম্প হয়েছে। ভূমিকম্পে প্রাণহানি ও ক্ষয়ক্ষতিতে আমরা গভীরভাবে মর্মাহত। নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি। আল্লাহর কাছে দোয়া করছি, তিনি আমাদের হেফাজত করুন। আশা করছি আপনারা সাবধানে আছেন, ভালো আছেন। নিরাপদে থাকুন, ভূমিকম্পের সময় সতর্কতার সঙ্গে নিরাপদ আশ্রয়ে যান।’
পোস্টে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, ভূমিকম্পের সময় ঘরের ভেতরে থাকলে—ঝুঁকে পড়ুন, ঢেকে রাখুন, ধরে থাকুন। একটি মজবুত টেবিল বা ডেস্কের নিচে আশ্রয় নিন, জানালা, কাচ, দরজা, ভারী আলমারি, ফ্রিজ—এসব থেকে দূরে থাকুন। লিফট ব্যবহার করবেন না, গ্যাস ও আগুন থেকে দূরে থাকুন।
আর ঘরের বাইরে থাকলে বিল্ডিং, গাছ, বিদ্যুতের তার, সাইনবোর্ড থেকে দূরে যান, খোলা জায়গায় দাঁড়িয়ে মাথা নিচু করে রাখুন।
গাড়িতে থাকলে, গাড়ি থামিয়ে রাস্তার পাশে দাঁড়ান, কিন্তু ব্রিজ, ওভারপাস, বিল্ডিং বা গাছের নিচে নয়। যতক্ষণ না কম্পন থামে, গাড়ির ভেতরেই থাকুন।
কম্পন থামার পর গ্যাস লাইন, ইলেকট্রিক লাইন, পানির লাইন চেক করুন। যদি স্ট্রাকচার ড্যামেজ মনে হয়, নিরাপদ পথ দিয়ে ভবন থেকে বের হন। লিফট এড়িয়ে সিঁড়ি ব্যবহার করুন। পরিবারের সবাইকে জড়ো করুন এবং আঘাত আছে কিনা দেখুন। আফটার শকের জন্য প্রস্তুত থাকুন।










