সুনামগঞ্জের ধর্মপাশায় আদালত প্রাঙ্গণে প্রাক্তন স্বামীর ছুরিকাঘাতে শরীফা আক্তার (২৮) নামের এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার (৬ অক্টোবর) দুপুরে ধর্মপাশা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। নিহত শরীফা নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার দেওথান গ্রামের রমজান আলীর মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, ১০ বছর আগে ধর্মপাশা উপজেলার বাসিন্দা আক্তার হোসেনের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন শরীফা আক্তার। তাদের একটি সাড়ে তিন বছর বয়সী মেয়ে আছে। দাম্পত্য কলহের জেরে ছয় মাস আগে তাদের বিবাহবিচ্ছেদ হয়।
পরে আক্তার হোসেন তার মেয়েকে নিজের হেফাজতে পাওয়ার দাবিতে আদালতে মামলা করেন। আজ মামলার হাজিরার দিন ছিল। হাজিরা দিতে এসে মেয়েকে রাখা নিয়ে তাদের মধ্যে কথা-কাটাকাটি। এক পর্যায়ে উত্তেজিত হয়ে আদালত প্রাঙ্গণে আক্তার হোসেন শরীফা আক্তারকে ছুরিকাঘাত করে।
পরে আক্তার হোসেনকে আটক করে স্থানীয়রা। আহত শরীফা আক্তারকে প্রথমে ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। তবে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানেই তার মৃত্যু হয়।
ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এনামুল হক জানান, সাবেক স্ত্রীকে ছুরিকাঘাত করে হত্যার ঘটনায় জড়িত স্বামী আক্তার হোসেন আটক করা হয়েছে। ধারালো ছুরিটি জব্দ করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।










