মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানে আগুন লেগে কয়েক একর বনভূমি পুড়ে গেছে। গতকাল দুপুরে লাউয়াছড়া জাতীয় উদ্যানসংলগ্ন বাগমারা বিটের অধীনে বনে এ আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় ২ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। এতে বনের গাছপালার ব্যাপক ক্ষতি হয়েছে। ধারণা করা হচ্ছে, প্রচণ্ড খরতাপের সুযোগে অবৈধ দখলদাররাই বনে আগুন লাগাতে পারে। দেড় বছর আগেও এ বনে একই স্থানে আগুন লেগেছিল।

প্রত্যক্ষদর্শীরা জানায়, গতকাল লাউয়াছড়ার স্টুডেন্ট ডরমিটরি অংশে কাজ করছিলেন বন বিভাগের কিছু শ্রমিক। বেলা ১টার দিকে সেখানে হঠাৎ আগুন জ্বলে ওঠে। পরে খবর পেয়ে কমলগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের লোকজন ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। তবে বনের ভেতরে রাস্তা না থাকায় ভেতরে ঢুকতে পারেননি ফায়ার সার্ভিস কর্মীরা। একই সঙ্গে ছিল পানির স্বল্পতাও। এ কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে প্রায় ২ ঘণ্টা লেগে যায়।

লাউয়াছড়ার রেঞ্জ কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, আমরা তদন্ত করে দেখছি কী কারণে আগুনের সূত্রপাত হয়েছে। তবে আগুন এখন নিয়ন্ত্রণে চলে এসেছে। ঘটনা তদন্ত করতে দুই সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। আগামী তিনদিনের মধ্যে এ তদন্ত কমিটি রিপোর্ট প্রদান করবে।

এ বিষয়ে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় কর্মকর্তা রেজাউল করিম চৌধুরী বলেন, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে শ্রমিকদের সিগারেটের আগুন থেকে বা কেউ ইচ্ছাকৃতভাবেও লাগাতে পারে। এক একর জায়গার লতা-পাতা ও ছোট গাছগাছালি জ্বললেও বড় গাছগুলোর ক্ষতি হয়নি। তবে অগ্নিকাণ্ডের সঠিক কারণ উদ্ঘাটন করতে বন বিভাগ তদন্ত কমিটি গঠন করেছে।