চট্টগ্রামের আনোয়ারায় ছেলের এলোপাতাড়ি ছুরিকাঘাতে মা-বাবা নিহত হয়েছে। আজ শনিবার বেলা ১২টার দিকে উপজেলার হাইলধর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের পূর্ব গুজরা এলাকার চৈতন্য মহাজন বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, স্বপন দাশ গুপ্ত (৬৫) ও তার স্ত্রী কল্পনা দাশ (৫৫)। ঘটনার সঙ্গে জড়িত ছেলে রিমন দাশ গুপ্তকে (৪২) আটক করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রিমন দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিল। তাকে কয়েকবার মাদক নিরাময় কেন্দ্রেও রাখা হয়েছিল। আজ বেলা পৌনে ১২টার দিকে ছেলেটি ধারালো অস্ত্র দিয়ে তার মায়ের ওপর হামলা চালায়। স্ত্রীকে বাঁচাতে রিমনের বাবা এগিয়ে এলে তাকেও এলোপাতাড়ি কুপিয়ে আহত করে সে। মা ঘটনাস্থলেই মারা গেলেও গুরুতর আহত বাবাকে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আনোয়ারা সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মাহমুদুল হাসান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত ছেলেকে আটক করা হয়েছে। এ সময় এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া হাসপাতালে আরেকজনের মৃত্যু হয়। মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।