ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) নতুন প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন রিভার অ্যান্ড ডেল্টা রিসার্চ সেন্টারের চেয়ারম্যান মোহাম্মদ এজাজ। আজ বুধবার (১২ ফেব্রুয়ারি) রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব মাহবুবা আইরিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
এর আগে, গত ২৩ জানুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমানের কাছে পাঠানো এক চিঠিতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া মোহাম্মদ এজাজকে এ পদে নিয়োগের সুপারিশ করেন।
নিয়োগের বিষয়ে জানতে চাইলে মোহাম্মদ এজাজ বণিক বার্তাকে বলেন, এখন কাজ করতে হবে। আগামীকাল থেকে অফিস শুরু করব। নাগরিক সমস্যা সমাধান এবং খাল ও জলাভূমি পুনরুদ্ধারে বিশেষ গুরুত্ব দেব। আগামী বর্ষায় যেন ঢাকায় জলাবদ্ধতা না হয়, সেটাই প্রধান লক্ষ্য।










