চলমান বন্যা পরিস্থিতির কারণে দুর্গত এলাকার মানুষকে সাপের কামড় এড়াতে রাতে চলাফেরার সময় সতর্ক থাকা, পানিতে নামার আগে লাঠি দিয়ে জায়গা পরীক্ষা করা ও সাপে কাটলে কোনো ধরনের ঝাড়ফুঁক বা বিলম্ব না করে দ্রুত হাসপাতালে যাওয়ার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য বিভাগ।
চট্টগ্রামের জেলা সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম জানান, এখন পর্যন্ত চট্টগ্রামের বন্যাদুর্গত এলাকায় প্রায় ৭৫ জন সাপের কামড়ে আহত হয়েছে। আহতদের চিকিৎসাসেবা দেয়া হচ্ছে। উপজেলাগুলোর নিম্নাঞ্চলে পানিতে ডুবে থাকায় সাপের উপদ্রব বেড়েছে, যার কারণে সাপে কাটার সংখ্যা বাড়ছে। তবে এতে মারা যাওয়ার ঘটনা ঘটেনি। আহতদের প্রয়োজনীয় চিকিৎসাসেবা দেয়া হচ্ছে এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোয় সাপে কাটার চিকিৎসা দেয়া হচ্ছে। এছাড়া বন্যাদুর্গত এলাকায় বিশেষ মেডিকেল টিম কাজ করছে।










