নাটোরের লালপুরে দুই পা ও হাতের রগ কেটে এবং কুপিয়ে জুয়েল আলী (৩০) নামের এক যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল সকালে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় জুয়েল মারা যান। বৃহস্পতিবার রাতে লালপুর উপজেলার ওয়ালিয়া ইউনিয়নের দিলালপুর গ্রামে কে বা কারা তাকে ধরে নিয়ে হাত-পায়ের রগ কেটে ও কুপিয়ে আহত করে ফেলে রেখে পালিয়ে যায়। নিহত জুয়েল ওই গ্রামের সাকেম আলীর ছেলে।
স্থানীয়রা জানান, দিলালপুর বাজার থেকে বাড়ি ফেরার পথে বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে কে বা কারা জুয়েল আলীকে ধরে নিয়ে যায়। পরে তারা জুয়েলের দুই পায়ের রগ কেটে ও শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে তার বাড়ির উত্তর দিকে গমখেতের পাশে ফেলে রেখে যায়। ভোরে তার চাচাতো ভাই মো. লিখন আলী খেজুরগাছ থেকে রস নামাতে গিয়ে রক্তাক্ত অবস্থায় জুয়েলকে দেখতে পায়। তার চিত্কারে আত্মীয়-স্বজন মুমূর্ষু অবস্থায় জুয়েলকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল সোয়া ৮টায় তিনি মারা যান।
স্থানীয়দের ধারণা, সম্প্রতি জুয়েলের দাদা একটি জমিসংক্রান্ত মামলায় আদালত থেকে ডিক্রি পেয়েছেন। তার জেরে এমন ঘটনা ঘটতে পারে।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফজলুর রহমান বলেন, স্থানীয়দের ধারণা মাথায় রেখেই এর সঙ্গে আরো কোনো ঘটনা আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। দোষীদের অবশ্যই আইনের আওতায় আনা হবে।










