নাটোর শহরের তেবাড়িয়া রেলগেটে ট্রেন-ট্রাক সংঘর্ষের ঘটনায় ৬ ঘণ্টা পর উত্তরাঞ্চলের সাথে  সারা দেশের ট্রেন যোগাযোগ স্বাভাবিক হয়েছে। ফায়ার সার্ভিস ও রেলওয়ে পুলিশ উদ্ধার অভিযান চালিয়ে সকাল ৯টার দিকে রেলপথ সচল করে।

নাটোর রেল স্টেশনের স্টেশন মাস্টার অশোক কুমার চক্রবর্তী জানান, ঢাকা থেকে ছেড়ে আসা বিরতিহীন কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি রাত সাড়ে ৩টার দিকে নাটোর শহরের তেবাড়িয়া রেলগেট অতিক্রম করছিল। এসময় রেললাইনের উপর বিকল হয়ে থাকা ট্রাককে ধাক্কা দিয়ে টেনে প্রায় ৩শ গজ দূরে নিয়ে যায়। এর পর থেকে বন্ধ হয়ে যায় উত্তরাঞ্চলের সাথে সারা দেশের ট্রেন যোগাযোগ। 

এতে নাটোর স্টেশনসহ বিভিন্ন স্টেশনে আটকা পড়ে অন্তত ৫টি আন্তঃনগর ট্রেন। পরে ফায়ার সার্ভিস ও রেলওয়ে পুলিশ দীর্ঘ চেষ্টার পর সকাল ৯টার দিকে রেল লাইন সচল। এরই মধ্যে ঢাকাগামী একতা এক্সপ্রেসসহ মোট তিনটি ট্রেন নাটোর স্টেশন থেকে ছেড়ে গেছে।