নাটোরের সিংড়ার চলনবিলে অভিযান চালিয়ে অর্ধশত বক উদ্ধার, ৩০টি পাখি শিকার ফাঁদ ধ্বংস ও ছয় শিকারিকে আটক করেছেন পরিবেশকর্মীরা।
পরিবেশবাদী সংগঠন চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সদস্যরা গতকাল সকালে সিংড়া উপজেলার গুনাইখাড়া, দীঘলগ্রাম ও নলবাতা বিল থেকে অভিযান পরিচালনা করেন। এ সময় ধানক্ষেতে কলা ও খেজুর পাতার তৈরি পাখি শিকারের ৩০টি কিল্লা ঘরের সন্ধান পান তারা। পরে সেসব ঘর থেকে অর্ধশত বকপাখি উদ্ধার করা হয়। ধ্বংস করা হয় ৩০টি পাখি শিকারির ফাঁদ। আটক করা হয় ছয়জন পাখি শিকারিকে।
পরে আটক পাখি শিকারিদের ভ্রাম্যমাণ আদালতের কাছে সোপর্দ করে তারা। এ সময় ভ্রাম্যমাণ আদালতের বিচারক সিংড়ার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রকিবুল হাসান বণ্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ আইনে পাখি শিকারিদের ৭ হাজার টাকা জরিমানা আদায় করে মুচলেখা নিয়ে ছেড়ে দেন।










