নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বাসের ধাক্কায় সৈয়দ খালিদ হাসান জোসেফ
(২৫) নামের এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৯ মার্চ) দুপুর দেড়টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সানারপাড়
স্ট্যান্ডে ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেন কাঁচপুর হাইওয়ে থানার শিমরাইল ক্যাম্পের টিআই
একেএম শরফুদ্দিন। নিহত জোসেফ সিদ্ধিরগঞ্জের দক্ষিণ সাহেবপাড়া এলাকার সৈয়দ হারুন অর
রশিদের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, নিহত ওই যুবক মোটরসাইকেলযোগে শিমরাইল মোড়
থেকে সাইনবোর্ডের দিকে যাচ্ছিল। এ সময় একটি বাস মোটরসাইকেলটিকে পেছন থেকে ধাক্কা দিলে
তিনি ছিটকে মহাসড়কে পড়ে যান এবং ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।
এ বিষয়ে কাঁচপুর হাইওয়ে থানার শিমরাইল ক্যাম্পের টিআই একেএম শরফুদ্দিন
বলেন, মোটরসাইকেল চালককে ধাক্কা দিয়ে বাসটি পালিয়ে যায়। তাই এখন পর্যন্ত কাউকে আটক
করা সম্ভব হয়নি। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। বিষয়টি নিহতের
স্বজনদের জানানো হয়েছে। জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে। এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন
রয়েছে বলে তিনি জানান।










