পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান অতিরিক্ত আইজিপি মোসলেহ উদ্দিন আহমেদকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নতুন কমিশনারের দায়িত্ব দেয়া হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে সই করেছেন মন্ত্রণালয়ের উপ-সচিব তৌছিফ আহমেদ।

সাবেক ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর পদত্যাগের পর অতিরিক্ত কমিশনার মো. সরোয়ার ভারপ্রাপ্ত কমিশনার হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। সরকারি চাকরির মেয়াদ পূর্ণ হওয়ায় গত ১৪ মে তিনি অবসরে যান। ওই শূন্য পদে মোসলেহ উদ্দিন আহমেদকে নিয়োগ দেয়া হয়েছে।