গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুইজনের পরিচয় শনাক্ত হয়েছে। তারা হলেন জেলার পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) ও একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
নিহতদের পরিচয় নিশ্চিত করেছেন পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সারোয়ারে আলম খান।
পুলিশ ও এলাকাবাসী জানায়, এক নারী তার আত্মীয়ের সঙ্গে শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে ঢাকা থেকে পলাশবাড়ী উপজেলার ঠুটিয়াপুকুর এলাকায় নৈশকোচ থেকে নামেন। তারা সাদুল্লাপুর-ঠুটিয়াপুকুর সড়কের সাদুল্লাপুর উপজেলার ইদিলপুর ইউনিয়নের মাদারহাট খেয়াঘাট ব্রিজ এলাকায় পৌঁছলে তিনজন ছিনতাইকারী তাদের পথরোধ করে। ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে তারা নগদ টাকা ও স্বর্ণের গহনা ছিনিয়ে নেয়।
এ সময় ভুক্তভোগীদের চিৎকারে আশপাশের লোকজন ছিনতাইকারীদের ধাওয়া করে। ধাওয়া খেয়ে ছিনতাইকারীরা মোটরসাইকেলে পালিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে মোজাহিদপুর এলাকায় সড়কের পাশের পুকুরে ছিটকে পড়ে। পরে তাদের দুজনকে পুকুর থেকে তোলা হয়। এ সময় এলাকাবাসীর গণপিটুনিতে ঘটনাস্থলেই দুইজন মারা যান। আরেকজন কৌশলে পালিয়ে যায়।
সাদুল্লাপুর থানার ওসি আবদুল আলিম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে দুইজনের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়। পরে নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়। ছিনতাইকারীদের ব্যবহৃত মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে।










