মৌলভীবাজারের বড়লেখায় খাসিয়া সম্প্রদায়ের সহস্রাধিক পানগাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে। এতে প্রায় ৮ লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে ক্ষতিগ্রস্তরা। উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের আগারপুঞ্জিতে এই ঘটনা ঘটেছে।

 

পুঞ্জির বাসিন্দারা জানান, আগারপুঞ্জিতে খাসিয়া সম্প্রদায়ের ৪৮টি পরিবার বসবাস করে। তাদের একমাত্র পেশা পানচাষ। গত রোববার সকালে পুঞ্জির লোকজন পান সংগ্রহ করতে যান। এ সময় তারা প্রায় এক হাজার পানগাছ কাটা দেখতে পান।

 

এ ঘটনায় গতকাল সোমবার (৩১ মে) পুঞ্জির মান্ত্রী (পুঞ্জিপ্রধান) সুখমন আমসে বড়লেখা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। পুঞ্জিপ্রধান সুখমন আমসে বলেন, এখন পানের মৌসুম। পান বিক্রি করে আমাদের জীবিকা চলে। আমাদের সঙ্গে কারও শত্রুতাও নেই। কিন্তু কে বা কারা এই পানগাছগুলো কেটেছে, তা জানিনা। যে বা যারা এই গাছগুলো কেটেছে, আমি তাদের দৃষ্টান্তমূলক বিচার চাই।  

 

এব্যাপারে বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন সরদার জিডির সত্যতা স্বীকার করে মুঠোফোনে বলেন, ‘বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।