নাটোরে যাত্রা করেছে প্রাণ-আরএফএল গ্রুপের প্রতিষ্ঠাতা আমজাদ খান চৌধুরীর নামে নার্সিং কলেজের। গতকাল দুপুরে নাটোর সদর উপজেলার একডালা এলাকায় প্রাণ শিল্প পার্ক চত্বরে ‘আমজাদ খান চৌধুরী নার্সিং কলেজ’-এর উদ্বোধন করেন আমজাদ খান চৌধুরীর মেয়ে নার্সিং কলেজের চেয়ারম্যান ও প্রাণ-আরএফএল গ্রুপের করপোরেট ফাইন্যান্স পরিচালক উজমা চৌধুরী।
পরে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জানানো হয়েছে, আমজাদ খান চৌধুরী নার্সিং কলেজে বিএসসি ইন নার্সিং, ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি—এ তিনটি কোর্সে শিক্ষা কার্যক্রম চালু করা হয়েছে। বাংলাদেশ নার্সিং কাউন্সিল নির্ধারিত সিলেবাসে কলেজের পাঠ্যক্রম সাজানো হয়েছে। এছাড়া এটি রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত প্রতিষ্ঠান।
এ সময় আমজাদ খান চৌধুরী নার্সিং কলেজের প্রিন্সিপাল প্রিন্স রায়, প্রাণ এগ্রো লিমিটেড কারখানার জেনারেল ম্যানেজার হযরত আলী ও প্রাণ-আরএফএল গ্রুপের অ্যাসিসটেন্ট জেনারেল ম্যানেজার (পাবলিক রিলেশনস) তৌহিদুজ্জামানসহ প্রতিষ্ঠানটির উঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উজমা চৌধুরী বলেন, সারা বিশ্বে নার্সিং অত্যন্ত সম্মানজনক পেশা এবং দেশের অভ্যন্তরেই এ খাতে প্রচুর চাহিদা রয়েছে। নার্সিং কলেজের মাধ্যমে কম খরচে মানসম্মত শিক্ষা প্রদান করা গেলে স্বাস্থ্য খাতে ব্যাপক ভূমিকা রাখা সক্ষম। স্বাস্থ্য খাতে বিশেষ অবদান রাখতে আমরা এ নার্সিং কলেজ চালু করেছি।
প্রাণ-আরএফএল গ্রুপ ২০১৬ সালে নাটোরে ৫০ শয্যাবিশিষ্ট একটি হাসপাতাল চালু করে। এবার স্বাস্থ্য খাতে রাজশাহী ও নাটোর এলাকায় আরো অবদান রাখতে নার্সিং কলেজ চালু করল দেশের শীর্ষস্থানীয় এ শিল্প গ্রুপ। নার্সিং খাতে দক্ষ মানবসম্পদ উন্নয়নে এ নার্সিং কলেজে রয়েছে মাস্টার্স ও পিএইচডিধারী অভিজ্ঞ শিক্ষক, নিজস্ব আধুনিক মানের হাসপাতালে হাতে-কলমে শেখার ব্যবস্থা, অত্যাধুনিক ল্যাব, বিশাল ক্যাম্পাস ও স্বল্প খরচে আবাসিক ব্যবস্থা।










