সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি খিজির হায়াতকে অপসারণ করা হয়েছে। সংবিধানের ৯৬ অনুচ্ছেদ এর ছয় দফা অনুযায়ী রাষ্ট্রপতি তাকে অপসারণ করেন।
বুধবার (১৯ মার্চ) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে আইন বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ।
এতে বলা হয়, সংবিধানের অনুচ্ছেদ ৯৬ এর দফা (৬) মোতাবেক সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি খিজির হায়াতকে বিচারক পদ থেকে ১৮ মার্চ অপসারণ করেছেন রাষ্ট্রপতি।
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষাজীবন সম্পন্ন করে ১৯৯৭ সালে ঢাকা জেলা জজ কোর্টে কর্মজীবন শুরু করেন খিজির হায়াত। পরে ২০০১ সালের ৯ ফেব্রুয়ারি হাইকোর্ট বিভাগের আইনজীবী হিসেবে অন্তর্ভুক্ত হন। ২০১৮ সালের ৩১ মে নিয়োগ পান হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি হিসেবে।











