নাটোর সদর উপজেলার ফুলসর গ্রামের একটি বাড়িতে নকল প্রসাধনী কারখানার সন্ধান মিলেছে। সোমবার রাতে র‌্যাব ও ভোক্তা অধিকারের টিম ওই বাড়িতে অভিযান চালায়। এ সময় বিপুল পরিমাণ নকল প্রসাধনী জব্দ ও সাড়ে ৩ লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার অধিদপ্তর।

র‌্যাব-৫ নাটোর ক্যাম্পের কমান্ডার ফরহাদ হোসেন জানান, ছয় মাস আগে সদর উপজেলার হালসা ইউনিয়নের ফুলসর গ্রামে ফয়েজ উদ্দিনের বসতবাড়িতে নকল প্রসাধনী কারখানা স্থাপন করেন পুঠিয়া উপজেলার শুভ এন্টারপ্রাইজের মালিক মহিউদ্দিন কাজল। বাড়িটি ভাড়া নিয়ে তিনি অবৈধভাবে দেশী-বিদেশী লেকমি, হোয়াইট টোন, কেয়াশ্রেষ্ঠ পতঞ্জল এমন সব ব্যান্ডের নকল প্রসাধনী তৈরি করে আসছিলেন।

গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে ওই বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিপুল পরিমাণ নকল প্রসাধনী জব্দ করা হয়। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মেহেদী হাসান তানভীর নকল প্রসাধনী তৈরি কারখানার মালিক মহিউদ্দিন কাজলকে ৩ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেন।