বঙ্গোপসাগরে অবৈধভাবে প্রবেশ করে মাছ ধরার অপরাধে আটক ৩১ ভারতীয় জেলে এক মাস ছয় দিন কারাভোগ শেষে মুক্তি পেয়েছেন। আজ শনিবার দুপুরে আদালতের নির্দেষে বাগেরহাট জেলা কারাগার থেকে এসব জেলেদের মুক্তি দেয়া হয়।
এসময়, বাগেরহাটের জেল সুপার এসএম কামরুল হুদা, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিবুল হাসান, ভারতীয় হাইকমিশনারের প্রতিনিধি প্রভাত মুন্দা উপস্থিত ছিলেন। পরে সড়ক পথে পুলিশ প্রহরায় মোংলায় নেয়া হয় মুক্তি পাওয়া জেলেদের। বিকেলে মোংলা ফেরিঘাট এলাকায় থাকা ২টি ট্রলারে করে ভারতের দক্ষিণ-চব্বিশ পরগনার উদ্দেশে রওনা দিয়েছেন তারা।
মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, এফবি মা ও মঙ্গলচণ্ডী নামক দুটি ট্রলারে মুক্তি পাওয়া জেলেরা রওনা দিয়েছেন। মুক্তি পাওয়া জেলেদের বাড়ি ভারতের দক্ষিণ-চব্বিশ পরগোনা জেলার কাকদ্বীপসহ বিভিন্ন এলাকায়।
বঙ্গোপসাগরের বাংলাদেশ জলসীমায় অনুপ্রবেশ করে মাছ ধরার অপরাধে গেল ৩১ আগস্ট সন্ধ্যায় এফ বি মা ও মঙ্গলচণ্ডী নামক দুটি ট্রলারসহ ৩১ ভারতীয় জেলেকে আটক করে কোস্টগার্ড পশ্চিম জোন মোংলা। পরে ০১ সেপ্টেম্বর দুপুরে আটক ভারতীয় জেলেদের কোস্টগার্ড পশ্চিম জোনের মোংলা সদর দপ্তরে আনা হয়। ২ সেপ্টেম্বর আদালতের মাধ্যমে বাগেরহাট কারাগারে পাঠানো হয়।










