বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখন বেশ স্থিতিশীল বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন। আজ শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকালে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের বাইরে সংবাদ ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
ডা. জাহিদ জানান, গত ২৩ নভেম্বর থেকে আজ ১৯ ডিসেম্বর পর্যন্ত প্রায় এক মাস ধরে খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। আল্লাহর রহমতে এবং দেশবাসীর দোয়ায় গত এক মাসের তুলনায় তার শারীরিক অবস্থা এখন বেশ স্থিতিশীল।
তিনি বলেন, যে অবস্থায় বেগম খালেদা জিয়া হাসপাতালে ভর্তি হয়েছিলেন, সেই অবস্থার তুলনায় মেডিকেল বোর্ডের চিকিৎসায় বর্তমানে তিনি আগের চেয়ে অনেকটাই ভালো ও স্থিতিশীল অবস্থায় রয়েছেন।
ডা. জাহিদ আরো বলেন, আজও (শুক্রবার) তার একটি ছোট প্রসিজিউর (অস্ত্রোপচার) করা হয়েছে। সেটিও তিনি অত্যন্ত সফলভাবে গ্রহণ করেছেন এবং প্রসিজিউরটি সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। বর্তমানে তিনি একটি আইসিইউ কেবিনে চিকিৎসাধীন আছেন।
তিনি জানান, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জুবাইদা রহমান, মরহুম আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান, শামীম এস্কান্দারসহ পরিবারের সদস্যরা এবং বিএনপির পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া কামনা করা হচ্ছে, তিনি যেন মেডিকেল বোর্ডের চিকিৎসা এভাবেই নিতে পারেন এবং বর্তমান অবস্থা থেকে তিনি যেন সুস্থতার দিকে যেতে পারেন সেজন্য সবার দোয়া চান তারা।










