খুলনা নগরীর জোড়াগেট এলাকার ফল ব্যবসায়ী শহীদুল হত্যা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে এ মামলার অন্য দুই আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল দুপুরে খুলনা জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক মো. সাইফুজ্জামান হিরো এ রায় ঘোষণা করেন। এ মামলার বিচার চলাকালে ১৪ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন সুমন মল্লিক ও আশিকুর রহমান আশিক। যাবজ্জীবনপ্রাপ্ত আসামিরা হলেন কালু ওরফে ছোট কালু ও মো. তালেব হাওলাদার। আসামিদের মধ্যে তালেব ছাড়া সবাই পলাতক।
মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী আরিফ মাহমুদ লিটন জানান, নিহত শহীদুল জোড়াগেট এলাকার হাজেরা বেগমের ছেলে ও পেশায় একজন মৌসুমী ফল ব্যবসায়ী ছিলেন। ২০১৭ সালের ১১ জুলাই বেলা সাড়ে ১১টার দিকে শত্রুতার জেরে ওই এলাকার চিহ্নিত সন্ত্রাসীরা তাকে কুপিয়ে জখম করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে নিহতের মা আটজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা চারজনকে আসামি করে খুলনা থানায় একটি হত্যা মামলা করেন। মামলার প্রধান দুই আসামি বাবু ওরফে গুড্ডু বাবু ও আল মাহমুদ সন্ত্রাসীদের গুলিতে নিহত হওয়ায় তাদের নাম বাদ দিয়ে মামলার তদন্ত কর্মকর্তা এবং খুলনা থানার ইন্সপেক্টর সৈয়দ মেশারেফ হোসেন একই বছরের ২২ আগস্ট সাতজনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন।










