পালিয়ে যাওয়া হাসিনা আর দেশের মাটিতে আসতে পারবেন না বলে সাফ জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা আবুল খায়ের ভুঁইয়া। তিনি বলেন, হাসিনা ও তার দোসররা এ দেশের বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার করেছে। অনেকে এখন স্বপ্ন দেখেন শেখ হাসিনা আবার ফিরে আসবে। যে দেশের নেত্রী তার লাখ লাখ নেতাকর্মী রেখে পালিয়ে যায়, তাকে বিশ্বাসঘাতক-মোনাফেক বলে। হাসিনা আওয়ামী লীগের কবর রচিত করেছেন। তিনি নিজেই আওয়ামী লীগ ত্যাগ করেছে।
গতকাল সন্ধ্যায় লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর হামছাদী ইউনিয়নের মীর্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
খায়ের ভুঁইয়া আরও বলেন, আমরা তত্ত্বাবধায়ক সরকারকে সমর্থন জানিয়েছি। এখনো তাদের সমর্থন করছি। তবে সমর্থনের একটি সীমা আছে। সংস্কার চলমান প্রক্রিয়া, এই সংস্কার দীর্ঘদিন চলতে পারে না। অবিলম্বে নির্বাচন কমিশন, বিচার বিভাগীয় স্বাধীনতা, দুর্নীতি দমন কমিশন ও প্রশাসনিক কমিশন গঠন করে প্রয়োজনীয় সংস্কার করে নির্বাচনী রোডম্যাপ দিতে হবে।
উত্তর হামছাদী ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক আব্দুল মোমেন মোতালেব ও সদস্য সচিব দ্বীন মোহাম্মদ সবুজের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন, সদর (পশ্চিম) উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল করিম ভুঁইয়া মিজান, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক একেএম ফরিদ উদ্দিন, জেলা কৃষক দলের সভাপতি মাহবুব আলম মামুন, সিনিয়র সহ-সভাপতি বদরুল ইসলাম শ্যামল ও সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান সোহেল প্রমুখ।










