আজ সকালে খুলে দেয়া হয়েছে গাজীপুরের সব পোশাক
কারখানা। কারখানাগুলোতে কঠোর নিরাপত্তা নিশ্চিতে মোতায়েন রয়েছে পুলিশ, বিজিবি ও সেনাবাহিনী।
সংশ্লিষ্টরা বলছেন, কারখানাগুলোতে পুরোদমে কাজ শুরু হয়েছে। দুপুর সাড়ে ১২টা পর্যন্ত
কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পায়নি বণিক বার্তা।
শিল্পপুলিশ ও কারখানা সংশ্লিষ্টদের সঙ্গে
কথা বলে জানা গেছে, বৃহস্পতিবার (৫
সেপ্টম্বর) সকাল থেকে দলে দলে কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা। কারখানা এলাকায় আইনশৃঙ্খলা
ও সশস্ত্রবাহিনী মোতায়েন রয়েছে।
টানা কয়েকদিন শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ,
সড়ক অবরোধ, কারখানা ভাংচুরের ঘটনায় বুধবার গাজীপুরের ৬০টির বেশি কারখানায় ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। পরে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় নিরাপত্তার
আশ্বাস পেয়ে বৃহস্পতিবার থেকে কারখানাগুলো খুলে দেয়ার সিদ্ধান্ত নেন মালিকরা।
প্রত্যক্ষ পর্যবেক্ষণে দেখা যায়, সকাল থেকে
গাজীপুরের টঙ্গী, বোর্ডবাজার, গাছা, গাজীপুর চৌরাস্তা এবং শ্রীপুরের পোশাক কারখানাগুলো খোলা রয়েছে। কারখানাগুলোর
সকল শ্রমিক কাজ যোগ দিয়েছেন। কয়েকটি কারখানার মূল ফটকে শ্রমিকদের পরিচয়পত্র দেখিয়ে
ভেতরে প্রবেশ করতে দেখা যায়।
শিল্প পুলিশ-১ এর অতিরিক্ত পুলিশ সুপার মোশাররফ
হোসেন বলেন, গাজীপুরের সব কারখানা খোলা রয়েছে।
কারখানা এলাকার নিরাপত্তায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া বিজিবি ও সেনাবাহিনী
টহল দিচ্ছে। শ্রমিকরা কোথাও কোনো আন্দোলন করছেন না, এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর খবর
পায়নি পুলিশ।










