খুলনায় রেললাইনে বসে মোবাইল ফোনে পাবজি খেলা অবস্থায় ট্রেনে কাটা পড়ে জিহাদ (২০) নামে এক যুবকের বাম পা বিচ্ছিন্ন হয়ে গেছে। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নগরীর নিউ মার্কেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জিহাদ নগরীর বসুপাড়া এলাকার বাচ্চু হাওলাদারের ছেলে।
খুলনা রেলওয়ে থানার ওসি মোল্লা মো. খবির আহমেদ বলেন, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নগরীর নিউ মার্কেট এলাকায় মোবাইল ফোনে পাবজি খেলা অবস্থায় রেলের ইঞ্জিনে জিহাদের বাম পা কাটা পড়েছে। তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খুলনা রেলস্টেশনের সহকারী স্টেশন মাস্টার আশিক আহমেদ জানান, খুলনা রেলস্টেশনের অদূরে রেললাইনে বসে পাঁচ বন্ধুর সঙ্গে মোবাইলে পাবজি গেম খেলছিলেন জিহাদ। পুরনো স্টেশন থেকে একটি ইঞ্জিন নতুন স্টেশনের দিকে আসছিল। হর্ন শুনে তার বন্ধুরা সরে গেলেও কানে হেডফোন থাকায় শুনতে পাননি জিহাদ। এ সময় লাইনের ওপর থাকা জিহাদের বাম পা ইঞ্জিনে কাটা পড়ে।










