লক্ষ্মীপুরের
রামগতি ও কমলনগরে মেঘনা
নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকারের দায়ে ৩০ জেলেকে দেড়
লাখ টাকা জরিমানা করেছে মৎস্য বিভাগ। এ সময় ২
লাখ ২০ হাজার মিটার
কারেন্ট জাল, দুই টন বরফ ও
২৫০ কেজি ইলিশ মাছসহ মাছ ধরার সাতটি নৌকা জব্দ করা হয়। পরে পৃথকভাবে আটক ৩০ জেলেকে ৫
হাজার টাকা করে জরিমানা করেন রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট
সুচিত্র রঞ্জন দাস এবং কমলনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট
শামসুদ্দিন মো. রেজা।
রামগতির বড়খেরী নৌ-পুলিশের ইনচার্জ (পরিদর্শক) ফেরদৌস আহমেদ জানান, বুধবার সকাল থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত কমলনগরে মেঘনা নদীর বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। কমলনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামসুদ্দিন মো. রেজা ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল কুদ্দুসসহ রামগতির বড়খেরী নৌ-পুলিশ ফাঁড়ির সদস্যদের সমন্বয়ে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে মাছ শিকারের দায়ে নৌকা, জাল ও মাছসহ ৩০ জেলেকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেকের ৫ হাজার করে মোট দেড় লাখ টাকা জরিমানা করা হয়। পরে জব্দকৃত জাল পুড়িয়ে ফেলা হয় এবং মাছগুলো গরিব মানুষের মাঝে বিতরণ করা হয়। জেলেদের কাছ থেকে জব্দকৃত সাতটি নৌকা মৎস্য কর্মকর্তার জিম্মায় রাখা হয়েছে।










