দেশে সম্প্রতি রাজধানীর বিভিন্ন এলাকায় সংঘর্ষে নিহত পুলিশসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ১১ সদস্যের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত তাদের মরদেহ স্বজনের কাছে হস্তান্তর করা হয়।
ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের নাম প্রকাশে অনিচ্ছুক ময়নাতদন্তকারী একজন চিকিৎসক বলেন, ‘নিহতদের মাথাসহ শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক ঢাকা মেডিকেল কলেজের মর্গ সহকারী জানান, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বেশ কয়েকজনের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়। শাহবাগ থানা পুলিশ আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য আমাদের কাছে পাঠায়।’
পরিবারের কাছে যাদের মরদেহ হস্তান্তর করা হয়েছে— কনস্টেবল শাহিদুল আলম (৪৮), আব্দুল আলিম (৪৬), রেজাউল করিম (৪৮), মাহফুজুর রহমান (২৪), আবু হাসনাথ রনি (২৪), রাজু আহমেদ (৩৫), এএসআই ফিরোজ হোসেন (৪৮) ও সঞ্জয় কুমার দাস (৩০), এসআই সুজন চন্দ্র দে (৪১), খগেন্দ্র চন্দ্র সরকার (৪৯) এবং আনসার সদস্য আবু জাফর (৪৬)।










