খুলনার কয়রা উপজেলায় ১২ কেজি হরিণের মাংসসহ অসিত কুমার সরদার (৫০) নামে এক শিকারিকে আটক করেছে কোস্টগার্ড। সোমবার রাত ১টার দিকে কোস্টগার্ড পশ্চিম জোনের বিসিজি স্টেশনের একটি টহল দল কয়রার বড় আংটিয়ারা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। আটক অসিত ওই গ্রামের নগেন্দ্র নাথ সরদারের ছেলে।

এ তথ্য নিশ্চিত করে কোস্টগার্ড পশ্চিম জোনের লেফটেন্যান্ট কমান্ডার বিএনএম মামুনুর রহমান জানান, হরিণের মাংস ও আটক শিকারির বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয়ার জন্য খাসিটানা ফরেস্ট অফিসে হস্তান্তর করা হয়েছে।