জাতীয় ঈদগাহ মাঠ পরিদর্শন করেছেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। গতকাল সকালে ঈদগাহ মাঠে গিয়ে তিনি নিরাপত্তা প্রস্তুতি এবং পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ পর্যবেক্ষণ করেন। পরিদর্শন শেষে সাংবাদিকদের ইশরাক হোসেন বলেন, ‘আমাদের ঈদের জামাতকে নিরাপদ করতে যারা নিরলস পরিশ্রম করছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। এটি আমার দায়িত্বের মধ্যেই পড়ে—এ ঈদগাহে কীভাবে কর্মকাণ্ড সম্পন্ন হচ্ছে, সেটি তদারকি করা।’
ঢাকা দক্ষিণের নির্বাচিত মেয়র হিসেবে পরিদর্শনে আসার কথা জানিয়ে ইশরাক বলেন, ‘আমি এখানে এসেছি ঢাকা দক্ষিণ সিটির নির্বাচিত এবং সর্বোচ্চ আদালতের রায়ের পর ঘোষিত মেয়র হিসেবে। এটি প্রতিষ্ঠিত হওয়া প্রয়োজন। শুধু পর্যবেক্ষণ নয়, এখানে যেসব শ্রমিক কাজ করছেন, তাদের পাশে দাঁড়ানো এবং কিছুটা অনুপ্রেরণা দেয়া দরকার। আমরা ঈদের দিনেও মাঠে থাকব। যারা পরিচ্ছন্নতা রক্ষার দায়িত্বে থাকবেন, তাদের সঙ্গে থেকে সহযোগিতা করব।’
এ সময় ইশরাক বলেন, ‘তারা (অন্তর্বর্তী সরকার) তো কোনো আইনি ফাঁকফোকর পাচ্ছে না। যেটা বলা হচ্ছে তারা নাকি মেয়রদের অপসারণ করেছে। তা অবশ্য সত্য, কিন্তু যারা অনুপস্থিত ছিল তাদের অপসারণ করা হয়েছে। কোথাও একটা চিঠিতে লেখা নেই সব নির্বাচন বাতিল করা হলো। আর যদি হয়েও থাকে আমারটা ছিল সাব জুডিস অর্থাৎ কোনো নির্বাহী আদেশে এটা বাতিল হতে পারে না, অনেক ব্যাখ্যা তারা দেয়ার চেষ্টা করেছে, অনেককেই তারা মাঠে নামিয়েছে।’










