নারায়ণগঞ্জের বন্দরে নিখোঁজের একদিন পর একটি ডোবা থেকে সামির (৯) ও তিশা (৭) নামে দুই ভাই-বোনের মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। গতকাল সকালে আমিন আবাসিক এলাকায় শীতলক্ষ্যা নদীর পাশে একটি ডোবায় মরদেহ দুটি ভাসতে দেখে স্থানীয়রা নৌ-পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। তারা ওই এলাকার অটোরিকশাচালক কামাল হোসেনের সন্তান।

নারায়ণগঞ্জ সদর নৌ-থানার ওসি শহিদুল ইসলাম জানান, মরদেহ দুটি ভাসতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয় বাসিন্দারা। গত বৃহস্পতিবার বিকালে খেলার কথা বলে বাসা থেকে বের হয়ে নিখোঁজ হয় তারা। ধারণা করা হচ্ছে, নদীর তীরে ওয়াকওয়ে নির্মাণের জন্য মাটি কাটায় যে ডোবার সৃষ্টি হয়েছে, সেখানে খেলতে নেমে জমে থাকা পানিতে পড়ে সাঁতার না জানায় তাদের মৃত্যু হয়। কোনো অভিযোগ না থাকায় পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।