ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার রত্নাই সীমান্ত দিয়ে ভারত থেকে ফেরার পথে ছয় বাংলাদেশীকে আটক করে বিজিবির কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।
গতকাল সকালে ওই ছয় বাংলাদেশী দালালের মাধ্যমে সীমান্ত অতিক্রম করে ফিরছিলেন। তারা দীর্ঘদিন ধরে ভারতের একটি ইটভাটায় কাজ করতেন। ফেরার পথে ভারতের সোনামতি ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের আটক করেন।
বিকালে ওই সীমান্তের কোম্পানি কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ আটকদের ঠাকুরগাঁও ৫০ বিজিবির কাছে হস্তান্তর করে।
আটককৃতদের নাম-পরিচয় পাওয়া যায়নি। তবে বিজিবি সূত্র জানায়, তাদের সবার বাড়ি ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায়।
বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও ৫০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল তানজীম আহমেদ।
বিজিবি জানায়, আটক ব্যক্তিরা ভারতে ইটভাটায় কাজ করতে যান। কয়েক দিনের ছুটি পেয়ে দালালের মাধ্যমে বাংলাদেশে আসছিলেন।
ফেরার পথে ভারতের সোনামতি ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যরা তাদের আটক করেন।
তিনি বলেন, ‘আমরা ছয়জনকে পেয়েছি। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের বালিয়াডাঙ্গী থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে। ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা হবে। আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হবে।’










