কুষ্টিয়ার দৌলতপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। হত্যার শিকার দুজনে সম্পর্কে মামা-ভাগ্নে।
উপজেলার মথুরাপুর ইউনিয়নের বাগোয়ান কান্দিপাড়া বাজার এলাকায় মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) গভীর রাতে এ ঘটনা ঘটে। ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
নিহতরা হলেন— মৃত হামের সর্দারের ছেলে সারফান সর্দার (৫০), এবং তার ভাগ্নে বাইজিদ সর্দার (৩৫)। তিনি মৃত বিছার সর্দারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ধারালো অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই প্রাণ হারান সারফান সর্দার। গুরুতর আহত বাইজিদ সর্দারকে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানেই তিনি মারা যান।
নিহত সারফান সর্দারের মেয়ে মিম খাতুন অভিযোগ করেন, রাতে বাড়ি থেকে ডেকে নিয়ে পাশের একটি বাগানে তার বাবাকে পা কেটে ও গলা কেটে হত্যা করা হয়েছে।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলাইমান শেখ বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই এই হত্যাকাণ্ড ঘটেছে। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরো জানান, এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। প্রাথমিক তদন্তের অংশ হিসেবে চারজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
ঘটনার পর গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের পরিবারে চলছে আহাজারি। স্থানীয়রা বলছেন, দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। হত্যাকাণ্ডের পর থেকে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।










