দুই মালিক সমিতির দ্বন্দ্বের জেরে পূর্বঘোষণা ছাড়াই নাটোর থেকে সব রুটে সব ধরনের বাস চলাচল বন্ধ করে দিয়েছে নাটোর জেলা বাস মালিক সমিতি। এতে যাত্রীদের ভোগান্তির শিকার হতে হয়। পুলিশ সুপারের সঙ্গে বৈঠকের পর বাস ধর্মঘট প্রত্যাহার করে নেয়া হয়।
বাস মালিক সমিতির সভাপতি লক্ষণ পোদ্দার জানান, বনলতা ট্রাভেলস নামে নাটোর জেলা বাস মালিক সমিতির একটি বাস বুধবার সন্ধ্যায় সিংড়া বাসস্ট্যান্ডে যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে রওনা হয়। এ সময় শেরকোল এলাকায় বাস থামিয়ে সিংড়া মোটরমালিক সমিতির লোকজন বনলতার তিন বাস শ্রমিককে মারধর করে। এর প্রতিবাদে পূর্ব ঘোষণা ছাড়াই গতকাল সকাল থেকে জেলা বাস মালিক সমিতি তাদের সব বাস বন্ধ করে দেয়। হঠাৎ বাস বন্ধের কারণে দুর্ভোগে পড়েছে সাধারণ মানুষ। তবে নাটোর হয়ে অন্য জেলার বাস চলাচল স্বাভাবিক।
শ্রমিক মারপিটের কথা অস্বীকার করেছেন সিংড়া মোটরমালিক সমিতির সাধারণ সম্পাদক হাসান ইমাম। তিনি জানান, নিজেদের অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে বাস বন্ধ রেখে মোটরমালিক সমিতির ওপর দোষ চাপানো হচ্ছে।
হাসান ইমাম জানান, বেশ কয়েক দিন আগ থেকে নাটোর বাস মালিক সমিতি কোনো চিঠি বা মৌখিকভাবে না জানিয়ে হঠাৎ এ রুটে বাস নামিয়ে যাত্রী পরিবহন করছে। বিষয়টি আমরা নাটোর মালিক সমিতিকে জানিয়েছি, তারা কোনো কর্ণপাত করেনি। তাছাড়া আমরা কোনো বাস চলাচলে বাধাও প্রদান করিনি।
বিরোধ নিরসনে বেলা ৩টায় জেলা পুলিশ সুপার লিটন কুমার সাহার উপস্থিতিতে তার কার্যালয়ে নাটোর জেলা বাস মালিক সমিতি ও সিংড়া মোটরমালিক সমিতির নেতাদের বৈঠক হয়। কোনো সিদ্ধান্ত ছাড়াই এ বৈঠক শেষ হয়। আজ আবারো বৈঠক হবে বলে জানান পুলিশ সুপার। তবে ওই বৈঠকের পর বাস ধর্মঘট প্রত্যাহার করে নেয় নাটোর জেলা বাস মালিক সমিতি।










