লক্ষ্মীপুরের রায়পুরে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে দুজনের মৃত্যু
হয়েছে।
রোববার (১৪ এপ্রিল) রাত সাড়ে ৮টায় উপজেলার পশ্চিম রাখালিয়া গ্রামের
নুরুল হক পাটোয়ারী বাড়িতে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, সেপটিক ট্যাংক পরিষ্কার করার জন্য সুইপার
হযরত আলী ওরফে খোকনকে (৩৮) ভাড়া করেন বাড়ির মালিক রিয়াদ পাটোয়ারী (৩২)। ট্যাংক পরিষ্কার
করা অবস্থায় খোকন ভেতরে বিষাক্ত (মিথেন) গ্যাসে আক্রান্ত হয়ে অসুস্থ পড়েন। এ সময় তাকে
বাঁচাতে মই দিয়ে ওই ট্যাংকে নামেন রিয়াদ। এক পর্যায়ে মই ভেঙে রিয়াদও ট্যাংকের ভেতর
পড়ে যান। বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে সেখানেই দুজনের মৃত্যু হয়। খবর পেয়ে রায়পুর ফায়ার
সার্ভিসের একটি ইউনিট ও রায়পুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সেপটিক ট্যাংক থেকে নিহতদের
মরদেহ উদ্ধার করে রায়পুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
এ ঘটনায় নিহত রিয়াদের স্বজনদের কান্নায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে
আসে।
রিয়াদ উপজেলার সোনাপুর ইউনিয়নের রাখালিয়া গ্রামের নুরুল হক পাটোয়ারী
বাড়ির নুর আলম ওরফে লেদার ছেলে। তিনি পেশায় একজন ওয়ার্কশপ ব্যবসায়ী ও দুই ছেলে ও এক
কন্যা সন্তানের জনক। নিহত সুইপার খোকন কুমিল্লা জেলার লাকসাম পৌর শহরের মিস্রি এলাকার
রুস্তম আলী মোল্লার ছেলে। তিনি বেশ কয়েক বছর ধরে পরিবার নিয়ে রায়পুরের বামনী ইউনিয়নের
চৌধুরী বাজার এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিন ফারুক মজুমদার বলেন,
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস এসে সেপটিক ট্যাংক থেকে দুজনের মৃতদেহ উদ্ধার করে।
এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।










