ঢাকায় দুই জঙ্গিকে ছিনিয়ে নেয়ার পর নাটোরে কড়া নিরাপত্তায় আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য আরিফুল ইসলাম আরিফের আদালতে হাজিরা ও স্বাক্ষ্য গ্রহণ করেছেন আদালতের বিচারক। 

আজ সোমবার দুপুরে কড়া নিরাপত্তায় নাটোর কেন্দ্রীয় কারাগার থেকে তাকে নাটোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোছা. কামরুন্নাহার বেগমের আদালতে হাজির করা হয়। 

বিচারক আগামী ৩০ নভেম্বর হাজিরার পরবর্তী তারিখ ধার্য করে আরিফুল ইসলামকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আরিফুল ইসলাম আরিফ বড়াইগ্রাম উপজেলার খর্দ্দকাছটিয়া এলাকার শুকচান আলীর ছেলে।

মামলার এজাহার থেকে জানা যায়, ২০১৯ সালের ৩১ অক্টোবর রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে সদর উপজেলার কৈগাড়ি কৃঞ্চপুর এলাকার আইডিয়াল পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের সামনে পুকুর পাড়ে আনসারুল্লাহ বাংলা টিমের সদস্যরা রাষ্ট্র বিরোধী মিটিং করছিলেন। পরে র‌্যাব-৫ এর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিতি টের পেয়ে পেছন দিক দিয়ে সবাই পালিয়ে যাওয়ার চেষ্টা করে। 

এ সময় অন্যরা পালিয়ে গেলেও আরিফুল ইসলাম আরিফকে একটি কাপড়ের ব্যাগসহ গ্রেফতার করা হয়। পরে তাকে তল্লাশি করে তার কাছ থেকে পিস্তল, ম্যাগাজিন, গুলি ও উগ্রবাদী বই জব্দ করা হয়। ঘটনার পরদিন নাটোর সদর থানায় সন্ত্রাসবিরোধী আইনে আরিফুল ইসলাম আরিফসহ অজ্ঞাতনামা ৬/৭ জনকে আসামি করে একটি মামলা করে র‌্যাব। 

এই মামলায় আরিফুল ইসলামের সাক্ষ্যগ্রহণের জন্য আজ নির্ধারিত দিনে আদালতে হাজির করা হয়। সাক্ষ্য গ্রহণ শেষে আরিফকে কড়া নিরাপত্তায় কারাগারে নিয়ে যাওয়া হয়।