জুলাই গণঅভ্যুত্থান হত্যাকাণ্ডে জড়িতদের নিরাপদে দেশ ত্যাগ করতে দেয়ার প্রতিবাদ ও ব্যর্থতার দায়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিসহ ৪ দফা দাবি জানিয়েছে ইনকিলাব মঞ্চ।

আজ রোববার (২ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৩টায় শিক্ষা চত্ত্বরে এ দাবিগুলো জানান তারা।

তাদের দাবিগুলো হলো-

১. জুলাই গণহত্যার বিচারের ব্যর্থতার দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে এবং আগামী ২০ ফেব্রুয়ারির মধ্যে জুলাই হত্যাকাণ্ডের বিচারের পরিপূর্ণ রূপরেখা সরকারকে প্রকাশ করতে হবে।

২. সকল পাবলিক প্রোগ্রামে গণহত্যাকারী আওয়ামী লীগের দোসরদের অংশগ্রহণ নিষিদ্ধ করে সরকারি প্রজ্ঞাপন জারি করতে হবে।

৩. চট্টগ্রামে নেভির যেসকল কর্মকর্তা ফ্যাসিস্ট আওয়ামী সন্ত্রাসীদের পালাতে সাহায্য করেছে এবং প্রতিবাদী ছাত্র-জনতার ওপর হামলা করেছে, অবিলম্বে তাদের বিচারের আওতায় আনতে হবে।

৪. যেসকল আমলা ও সামরিক কর্মকর্তা গণহত্যাকারী আওয়ামী লীগকে পুনর্বাসনে মদদ দিচ্ছে, অনতিবিলম্বে তাদের শনাক্ত করে বিচারের মুখোমুখি করতে হবে।

এর আগে রোববার (২ ফেব্রুয়ারি) বিকাল ৩টার দিকে জুলাই হত্যাকাণ্ডে জড়িতদের নিরাপদে দেশ ত্যাগ করতে দেয়ার প্রতিবাদ ও ব্যর্থতার দায়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচির মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে শিক্ষা চত্বরে আসলে তাদের আটকে দেয় পুলিশ। এ সময় পুলিশের সঙ্গে তাদের বাগবিতণ্ডা করতে দেখা যায়।