মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পটকা মাছ খেয়ে একই পরিবারের দুজনের মৃত্যু হয়েছে। সম্পর্কে তারা দুজন বউ ও শাশুড়ি। তাছাড়া বিষাক্ত এ মাছ খেয়ে অসুস্থ হয়ে পরিবারের এক শিশু হাসপাতালে চিকিৎসাধীন। গত বুধবার রাতে উপজেলার উত্তর ভাড়াউড়া গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, শ্রীমঙ্গল সদর ইউনিয়নের উত্তর ভাড়াউড়া গ্রামের জয়নাল আবেদিন বুধবার রাতে বাজার থেকে পটকা নিয়ে আসেন। রাতে খাওয়ার পর পরিবারের তিন সদস্য অসুস্থ হয়ে পড়ে। হাসপাতালে নেয়ার আগেই জয়নাল আবেদিনের স্ত্রী সাহিদা (৪০) ও পুত্রবধূ নুরুন্নাহার (২৯) মারা যান। তাছাড়া নুরুন্নাহারের শিশুপুত্র নাঈমকে (৯) অসুস্থ অবস্থায় শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. সাজ্জাদ হোসেন চৌধুরী বলেন, খবর পেয়েছি দুজন ফুডপয়জনিংয়ে মারা গেছেন এবং এক শিশু আমাদের হাসপাতালে চিকিৎসাধীন। শিশুটি শঙ্কামুক্ত, তাকে চিকিৎসা দেয়া হচ্ছে। জানতে পেরেছি তারা পটকা মাছ খেয়েছে। ময়নাতদন্তের পর জানা যাবে তারা পটকা মাছের বিষক্রিয়ায় নাকি অন্য কোনো কারণে মারা গেছে।