নাটোরের বড়াইগ্রাম উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা সানাউল্লাহ নুর বাবু হত্যা মামলার চার্জশিটভুক্ত ৪১ আসামির ১৪ জনকে জেলে পাঠিয়েছেন আদালত।
আজ মঙ্গলবার দুপুরে নাটোর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মেহেদি হাসানের আদালতে আসামিরা হাজির হয়ে জামিন আবেদন করেন। বিচারক তাদের জামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
পরে দুপুর ১২টার দিকে পুলিশের ভ্যানযোগে আসামিদের নাটোর জেলা কারাগারে নিয়ে যাওয়া হয়। এ সময় আওয়ামী লীগ নেতারা আদালত চত্বরে ভীড় জমান।
জেলে পাঠানো আসামিরা হলেন- মো. শাহজালাল, ইদ্রিস মোল্লা, জাবির সোনার, মেয়র জাকিরের ভাই মো. জিন্নাহ মোল্লা, জিল্লুর রহমান, মাসুদ রানা, প্রশান্ত কুমার, আব্দুল আজিজ, আওয়াল, আজগর আলী সোনার, কোরবান মোল্লা, আব্দুর রাজ্জাক কবিরাজ, ওয়াজেদ আলী সোনার এবং মনির হোসেন।
এর আগে গত ২৪ জুন বিএনপি নেতা সানাউল্লাহ নুর বাবু হত্যাকাণ্ডে জড়িত বনপাড়া পৌরসভার মেয়র কেএম জাকির হোসেনসহ মোট ৪১ জনের নাম উল্লেখ করে আদালতে চার্জশিট দাখিল করে নাটোর সিআইডি। এর মধ্যে মেয়র জাকিরসহ বাকিরা উচ্চ আদালত থেকে নেয়া জামিনে রয়েছেন।
২০১০ সালের ৮ অক্টোবর স্থানীয় বনপাড়া বাজারে নাটোরের বড়াইগ্রাম উপজেলা পরিষদ চেয়ারম্যান ও বিএনপি নেতা সানাউল্লাহ নুর বাবুকে প্রকাশ্যে পিটিয়ে হত্যা করা হয়।










