মোংলায় একদিনের ব্যবধানে আবারো জাহাজডুবির ঘটনা ঘটেছে। শুক্রবার রাত ১০টার দিকে বন্দরের ফেয়ারওয়ে বয়া এলাকার দুবলারচরে পাথরবোঝাই কার্গো জাহাজ এমভি বিউটি অব লোহাগড়া-২ ডুবে যায়। দুর্ঘটনাকবলিত জাহাজ থেকে ১০ নাবিককে উদ্ধার করে আরেকটি কার্গো জাহাজে তুলে দিয়েছে কোস্টগার্ড। এর আগে বৃহস্পতিবার দুপুরে মোংলা বন্দরের পশুর নদীর চিলা ও কাইনমারীর মাঝামাঝি এলাকায় ডুবোচরে আটকে ডুবে যায় সারবোঝাই কার্গো জাহাজ এমভি দেশবন্ধু।

বাংলাদেশ কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লে. খন্দকার মুনিফ তকি জানান, মোংলা বন্দরের ফেয়ারওয়ে বয়া এলাকায় থাকা সিঙ্গাপুরের পতাকাবাহী বিদেশী বাণিজ্যিক জাহাজ এমভি সাগর-রতন থেকে ১ হাজার ২০০ টন পাথর বোঝাই করে কার্গো জাহাজ এমভি বিউটি অব লোহাগড়া-২। শুক্রবার কার্গোটি বিদেশী জাহাজ থেকে পাথর নিয়ে খুলনায় উদ্দেশে ছেড়ে আসার পর রাত ১০টার দিকে দুবলারচরে আটকে যায়। সেখানে ডুবোচরে আটকে তলা ফেটে জাহাজটি ডুবতে থাকে।

পরে কোস্টগার্ডের দুবলা আউটপোস্ট খবর পেয়ে দুর্ঘটনাকবলিত জাহাজ থেকে ১০ নাবিককে উদ্ধার করে। নাবিকদের উদ্ধারের পর মালিকপক্ষের সঙ্গে যোগাযোগ করে তাদের আরেকটি কার্গো জাহাজ এমভি দেশ দিগন্তে তুলে দেয় কোস্টগার্ড।