টানা বৃষ্টিতে রেললাইন তলিয়ে যাওয়ায় চট্টগ্রাম-কক্সবাজার রুটে আপাতত সব ধরনের ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে। তবে ঢাকা-চট্টগ্রাম রুটে স্বাভাবিক ট্রেন চলাচল অব্যাহত রয়েছে।

রেলওয়ে সূত্রে জানা যায়, ঢাকা-কক্সবাজার-ঢাকা রুটে সাধারণত প্রতিদিন (সাপ্তাহিক বিরতি ব্যতীত) দুই জোড়া নন-স্টপ ট্রেন চলাচল করে, যেগুলো ঢাকা বিমানবন্দর ও চট্টগ্রামে সীমিত বিরতি নেয়। এ রুটে চলে কক্সবাজার এক্সপ্রেস ও পর্যটক এক্সপ্রেস। এছাড়া চট্টগ্রাম-কক্সবাজার-চট্টগ্রাম রুটে প্রতিদিন চলাচলকারী দুই জোড়া ট্রেন হলো প্রবাল এক্সপ্রেস ও সৈকত এক্সপ্রেস।

বুধবার পর্যটক এক্সপ্রেসের সাপ্তাহিক বন্ধ থাকায় স্বাভাবিক সময়ে শুধু কক্সবাজার এক্সপ্রেস চলাচল করার কথা ছিল। কিন্তু ষোলশহর-জান আলী হাট সেকশনের রেলপথের ওপর পানি উঠে যাওয়ায় আপাতত কক্সবাজারমুখী কোনো ট্রেন চলাচল করছে না। একইসঙ্গে বৃষ্টিপাতের কারণে পাহাড়তলী-ফৌজদারহাট সেকশনে সব ট্রেনের জন্য অস্থায়ী গতি নিয়ন্ত্রণাদেশ জারি করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। ফলে ওই সেকশনে ট্রেন চলবে মাত্র ঘণ্টায় ২০ কিলোমিটার গতিতে।

তবে চট্টগ্রাম-নাজিরহাট সেকশনের রেলপথেও ঘটেছে বিপত্তি। ষোলশহর স্টেশনের আগে গাছ ভেঙে পড়েছে রেললাইনে। চট্টগ্রাম মুখী চবি শাটল ট্রেন আটকে গেছে। এছাড়া ঢাকা-চট্টগ্রাম-ঢাকা রুটের সব ট্রেন চলাচলও স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।

এদিকে কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ থাকলেও কক্সবাজার এক্সপ্রেস ও পর্যটক এক্সপ্রেস ট্রেন দুটি নির্ধারিত সময় অনুযায়ী ঢাকা ও চট্টগ্রাম স্টেশন থেকে যাত্রী পরিবহন করবে বলে রেলওয়ে সূত্রে জানা গেছে।