ত্রয়োদশ সংসদ নির্বাচন এবং গণভোটের ভোটগ্রহণ শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৭টা ৩০ মিনিটে সারা দেশে ভোটগ্রহণ শুরু হয়। কেন্দ্রগুলোর সামনে দেখা গেছে ভোটারদের লাইন। গণমাধ্যমকর্মীরাও উপস্থিত আছেন ভোট্টকেন্দ্রগুলোয়।

বিভিন্ন কেন্দ্র থেকে জানা গেছে, ভোটগ্রহণের প্রস্তুতি শেষের পথে। কেন্দ্রগুলোয় ভোটগ্রহণ কর্মকর্তা ও প্রার্থীরা প্রতিনিধিরা উপস্থিত হয়েছেন। সশস্ত্র বাহিনীসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ভোটকেন্দ্রগুলোতে নিরাপত্তা দিচ্ছেন।

রাজধানীর ঢাকা-১৬ আসনের বিভিন্ন কেন্দ্রে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোটগ্রহণের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। সরেজমিনে সকাল ৭ টায় কেন্দ্রগুলো পরিদর্শন করে দেখা গেছে, কেন্দ্রগুলোয় প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসাররা দায়িত্ব বুঝে নিয়ে আনুষ্ঠানিকতা শেষ করছেন। একই সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের মনোনীত পোলিং এজেন্টদের প্রয়োজনীয় নির্দেশনা ও দায়িত্ব সম্পর্কে অবহিত করা হচ্ছে।

সকাল সাড়ে ৭টায় ভোটগ্রহণ শুরু হওয়ার কথা থাকলেও তার আগেই, সকাল ৭টার পূর্ব থেকেই বিভিন্ন কেন্দ্রের বাইরে নারী ও পুরুষ ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা যায়। সরেজমিনে ঘুরে দেখা গেছে, এ আসনের অধিকাংশ ভোটকেন্দ্রেই একই চিত্র—ভোটাররা শৃঙ্খলাবদ্ধভাবে লাইনে দাঁড়িয়ে ভোট প্রদানের অপেক্ষায় রয়েছেন।

বর্ধিত পল্লবীর আহসানিয়া মিশন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রেও সকাল থেকেই ভোটারদের সারি দেখা গেছে। লাইনে দাঁড়ানো কয়েকজন ভোটার জানান, ভোটগ্রহণ শুরু হতেই যাতে দ্রুত ভোট দিতে পারেন, সে লক্ষ্যেই তারা আগে এসে অবস্থান নিয়েছেন। এই কেন্দ্রে ভোট দেবেন ঢাকা-১৬ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী মো. আমিনুল ইসলাম।

vt1

ছবি- বণিক বার্তা

রাজধানীর মনিপুর উচ্চ বিদ্যালয় (বালক শাখা) কেন্দ্রে লাইন শুরু হয়েছে সকাল ৭টা থেকেই। নারী ভোটারদের উপস্থিতিও দেখা যাচ্ছে। এখানেই ভোট দেবেন বাংলাদেশ জামায়াত ইসলামী আমির ও ঢাকা-১৫ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী ডা. শফিকুর রহমান।

ঢাকা ও চট্টগ্রামের কেন্দ্রগুলোয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক উপস্থিতি রয়েছে। ভোটারদের নিরাপদ ও নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শুরুর অপেক্ষায় রয়েছেন ভোটাররা। নির্বাচন ঘিরে কেন্দ্রগুলোতে উৎসাহ-উদ্দীপনার পাশাপাশি দায়িত্বশীল ও সুশৃঙ্খল পরিবেশ লক্ষ্য করা যাচ্ছে।