কক্সবাজারের টেকনাফে বাহারছড়া জুম্মাপাড়া সংলগ্ন গহীন পাহাড়ি এলাকা থেকে বন্দি নারী ও শিশুসহ ২৫ জনকে উদ্ধার করেছে কোস্ট গার্ড ও নৌবাহিনী। এ সময় দুইজন মানবপাচারকারীকে আটক করা হয়।

মঙ্গলবার (৪ নভেম্বর) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানান।

তিনি জানান, আটকদের জিজ্ঞাসাবাদ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ওই পাহাড়ি এলাকায় যৌথ অভিযান চালানো হয়। অভিযানে পাচারকারীদের গোপন আস্তানা থেকে নারী-শিশুসহ ২৫ জনকে উদ্ধার করা হয়।

উদ্ধার ব্যক্তিরা জানান, উন্নত জীবন, বিদেশে উচ্চ বেতনের চাকরি ও অল্প খরচে মালয়েশিয়া যাওয়ার প্রলোভন দেখিয়ে টেকনাফসহ দেশের বিভিন্ন এলাকা থেকে বাংলাদেশী ও রোহিঙ্গাদের এনে টেকনাফের গহীন পাহাড়ের গোপন আস্তানায় জিম্মি করে রাখা হয়েছিল।

পথে বন্দিদের মালয়েশিয়ায় পাচারের পরিকল্পনা করছিল, এমন কি পাচারকারীরা তাদের আটকে রেখে নির্যাতনের মাধ্যমে মুক্তিপণ আদায়েরও চেষ্টা করছিল বলে জানান তারা।

মানবপাচার রোধে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে জানিয়ে সিয়াম-উল-হক বলেন, উদ্ধার ও আটকদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।