দেশে একটি স্টার্টআপ ইকোসিস্টেম গড়ে তুলতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের আওতায় খুলনায় অনুষ্ঠিত হয়েছে মেন্টরিং প্রোগ্রাম। গতকাল উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়ন একাডেমি প্রতিষ্ঠাকরণ (আইডিয়া) প্রকল্পের আয়োজনে খুলনা জেলা শিল্পকলা একাডেমির অডিটরিয়ামে মেন্টরিং প্রোগ্রাম ‘লার্ন ফ্রম দ্য মেন্টরস’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আবদুল খালেক।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, শুধু বই পড়ে কেউ কখনো উদ্যোক্তা হতে পারে না। বই পড়ার সঙ্গে সঙ্গে বাস্তব অভিজ্ঞতা অর্জনের লক্ষ্যে স্টার্টআপদের নিয়মিত শিল্প-কারখানা পরিদর্শন, সৃজনশীল ব্যবসা ও উদ্ভাবন সম্পর্কে ধারণা থাকা দরকার। তবেই শিক্ষার্থীরা বিশ্বমানের উদ্যোক্তা হিসেবে গড়ে উঠতে পারবে। তিনি আরো বলেন, মেন্টরিং প্রোগ্রামে অংশগ্রহণের মাধ্যমে অংশগ্রহণকারীরা প্রশিক্ষণলব্ধ জ্ঞান কাজে লাগিয়ে নিজের সফলতা অর্জনের পাশাপাশি দেশ ও জাতিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। অনুষ্ঠানটিতে সম্মানিত অতিথি হিসেবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম এবং বিশেষ অতিথি হিসেবে আইডিয়া প্রকল্পের পরিচালক ও যুগ্ম সচিব মো. আলতাফ হোসেন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদার।
খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, কুষ্টিয়াসহ বিভাগের বিভিন্ন জেলা থেকে দুই শতাধিক উদ্যোক্তা ও উদ্ভাবক এ মেন্টরিং প্রোগ্রামে অংশ নেন।










